যোগফল প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম মনোহরদী উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। আহতরা হলেন সৌরভ (২৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫), কাউসার (১৫) ও জান্নাতুল (৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ইটাখোলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মিনারা বেগমের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালকসহ আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম