বরিশালের বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা আশরাফুজ্জামান খান খোকনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বাকেরগঞ্জ উপজেলা পর্যায়ের নেতা।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
এসআই দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারের সময় একাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাকে কোন কর্মকর্তার মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।
খোকনের গ্রেপ্তারের বিষয়ে জানতে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে খোকনের স্বজনদের দাবি, ২০২৪ সালের আগে জমি নিয়ে বিরোধের জেরে ৫ আগস্টের পর একটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে বাকেরগঞ্জ থানায় দায়ের হওয়া একাধিক রাজনৈতিক মামলায় তাকে আসামি করা হয়। এসব মামলায় কয়েক মাস কারাভোগের পর সব মামলায় জামিন পান তিনি। নিয়মিত আদালতেও হাজিরা দিচ্ছিলেন।
স্বজনরা জানান, প্রায় চার মাস আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান খোকনের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিনটি শিশুকন্যা রেখে যান। স্ত্রীর মৃত্যুর পর সন্তানদের দেখাশোনার জন্য বেশির ভাগ সময় বাড়িতেই থাকতেন খোকন। শুক্রবার রাতে পুলিশ বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার দুই বছর বয়সী ছোট মেয়ে বাবার সঙ্গে যাওয়ার জন্য কান্নাকাটি করে।
আশরাফুজ্জামান খান খোকন উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের বাসিন্দা। তিনি বাকেরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি এবং ভরপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম