যোগফল প্রতিবেদক:
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে মাঠে থাকা পাকা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কোথাও জমিতে পানি জমে ধান কাটতে পারছেন না, আবার কোথাও বৃষ্টিতে পাকা ধান নুয়ে পড়ে পচন ও দানা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ফসলের ক্ষতির মুখে পড়েছেন বিভিন্ন জেলার হাজারো কৃষক।
ফেনীতে বৃহস্পতিবার ভোররাত থেকে শনিবার পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাকা আমন ধান ও শীতকালীন আগাম শাকসবজি নিয়ে বিপাকে পড়েছেন ছয় উপজেলার কৃষকরা। অসময়ের টানা বৃষ্টিতে মাঠের ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রান্তিক চাষিরা।
ঝিনাইদহে টানা দুই দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় পাকা আমন ধান কাটতে পারছেন না কৃষকরা। কেটে রাখা ধানও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। জেলায় এখনো প্রায় ৬৯ হাজার হেক্টর জমিতে আমন ধান রয়েছে। ফসল ঘরে তুলতে বিলম্ব হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন ছয় উপজেলার কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আনিসুজ্জামান জানান, টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটার কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
নওগাঁর ধামইরহাটেও বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। মাঠে আমন ধান পেকে সোনালি রং ধারণ করলেও ভেজা জমিতে শ্রমিক নামাতে পারছেন না কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
বরিশালের বাকেরগঞ্জে তিন দিনের বৈরী আবহাওয়া, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বাতাসে বিভিন্ন এলাকার আমন ধানক্ষেত মাটিতে লুটিয়ে পড়েছে। কয়েক দিনের মধ্যে ধান ঘরে তোলার প্রস্তুতি থাকলেও আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার ২০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।
ফরিদপুরের সদরপুরে বৃষ্টিতে জমিতে পানি জমে পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে, আবার কোথাও পাকা ধানের শীষ পানিতে ডুবে থাকায় পচন ও দানা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বছর উপজেলায় ৬ হাজার ৫৫৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী। তিনি বলেন, অসময়ে নিম্নচাপের বৃষ্টিতে কৃষকদের পাকা আমন ধানের ক্ষতি হয়েছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট লঘুচাপের কারণে তিন দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষি সংশ্লিষ্টরা।
রাজশাহীর গোদাগাড়ীতে হেমন্তের বৃষ্টিতে পাকা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। শুক্রবার সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ধান কাটা ও সংগ্রহে ভোগান্তি পোহাতে হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, বৃষ্টির কারণে ধান কাটা ও সংগ্রহে কিছুটা সমস্যা হলেও ফসলের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা নেই।
কুমিল্লার চৌদ্দগ্রামে টানা তিন দিনের বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। বৃষ্টিতে ৩৬ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে।
ভোলার দৌলতখানে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চার দিন ধরে সূর্যের দেখা মিলছে না। বুধবার রাত থেকে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, কমে গেছে সড়কে যানবাহন চলাচল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান জানান, বৈরী আবহাওয়ার কারণে এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত চলছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম