যোগফল প্রতিবেদক:
মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন ইলিয়াস আহমেদ। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় রাখা হয়। পরে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। দীর্ঘ কারাবাস ও প্রায় ৯ বছরের আইনি লড়াই শেষে আদালতে সব অভিযোগ থেকে খালাস পেয়েছেন ইলিয়াস। গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতেও তার অভিযোগ তালিকাভুক্ত হয়েছে। তবে এখনো রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা ও পুনর্বাসন পাননি তিনি।
নথিপত্র ও ইলিয়াসের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ এপ্রিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম আমির আলী। একটি পোশাক কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগে চাকরির সুবাদে গাজীপুরে থাকতেন ইলিয়াস।
২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলা বাজার এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ৮৮ দিন নিখোঁজ থাকার পর ওই বছরের ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় (নম্বর ৪০(০৫)২০১৭) তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের মামলা (নম্বর ২৪৩/২০১৮) চলাকালে তাকে ৮০৮ দিন কারাভোগ করতে হয়। ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
তবে কারামুক্ত হলেও শেষ হয়নি তার আইনি লড়াই। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন।
এদিকে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে ইলিয়াসের অভিযোগ যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে। অভিযোগের স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, তালিকায় ক্রমিক ৩৯১ এবং নিবন্ধন নম্বর ১৮৩৪।
ইলিয়াসের দাবি, গুম ও দীর্ঘ কারাবাসের কারণে তার শিক্ষাজীবন ও কর্মজীবনের স্বপ্ন ভেঙে গেছে। বছরের পর বছর মামলা চালাতে গিয়ে পরিবারও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
ইলিয়াস আহমেদ বলেন, ‘আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও আমার অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া নয়টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা বা পুনর্বাসন পাইনি।’
আদালতে খালাস পাওয়ার পরও স্বাভাবিক জীবনে ফিরতে রাষ্ট্রীয় সহায়তা না পাওয়ায় প্রশ্ন তুলেছেন ইলিয়াস। তার দাবি, হারানো সময় ও জীবনের ক্ষতি পুষিয়ে নিতে শুধু আইনি মুক্তি নয়, প্রয়োজন যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম