যোগফল প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে। পাশাপাশি যানবাহনগুলোর চালকদের আটক করেছে বিজিবি।
রোববার (২২ নভেম্বর) কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযান সম্পর্কে এ তথ্য নিশ্চিত করেন। রামু সেক্টরের অধীন বিজিবি-২ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এ অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম।
প্রাথমিকভাবে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল। চক্রটি মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে বলে বিজিবি সূত্রে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়। এসব যানবাহনের চালকদের আটক করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম