যোগফল প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ তালিকায় রয়েছেন সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া ৯১ জন নেতা এবং তাদের সমর্থনকারী কয়েকশ নেতাকর্মী। সব মিলিয়ে অন্তত ৫ শতাধিক নেতাকে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে দলটি।
দলীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলা, দলীয় ঐক্য প্রতিষ্ঠা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিদ্রোহী প্রার্থীসহ কয়েকশ নেতাকর্মী দলে ফেরার আবেদন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন।
আবেদনকারীদের মধ্যে অন্তত ৮০ থেকে ৮৫ জন বিদ্রোহী সংসদ সদস্য প্রার্থী রয়েছেন। পাশাপাশি ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতারাও রয়েছেন। আবেদনগুলো যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। শিগগিরই সংশ্লিষ্ট নেতাদের কাছে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হতে পারে।
এরই অংশ হিসেবে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। একইভাবে অন্যদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ৪৫টি আসনে কেন্দ্রীয় ও তৃণমূলের ৯১ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের বিদ্রোহী প্রার্থী হিসেবে চিহ্নিত করে বহিষ্কার করে দলটি। তাদের মধ্যে সাতজন বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন। অন্যদিকে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও তিন শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়।
গত আগস্টে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত ১৭ নভেম্বর নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।
বিএনপির দপ্তর সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত বড় একটি অংশকে জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তখন কিছু নেতাকর্মী আবেদন করেও দলে ফিরতে পারেননি। এবার বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থনকারীদের পাশাপাশি তাদেরও ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে নেওয়ার অংশ হিসেবে বহিষ্কৃতদের দলে ফেরানোর আলোচনা চলছে। কয়েকটি ধাপে পর্যায়ক্রমে সবাইকে ফিরিয়ে নেওয়া হবে।
ফেরার তালিকায় যেসব নেতা থাকতে পারেন
বিএনপিতে ফেরার সম্ভাব্য তালিকায় রয়েছেন সংসদ নির্বাচনে বহিষ্কৃত সাত বিজয়ী বিদ্রোহী প্রার্থী। তারা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।
এ ছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, পটুয়াখালী-৩ আসনের সাবেক নেতা হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান ও মোহাম্মদ আলী।
এ তালিকায় আরও রয়েছেন যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল এবং লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।
সম্ভাব্য তালিকায় আরও আছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী।
দলে ফেরার বিষয়ে যা বলছেন নেতারা
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রায় বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রথম সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান।
এ বিষয়ে সাইফুল আলম নিরব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিসহ বিএনপির সব রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন। নিজের নির্বাচনি এলাকাতেও দলের কর্মসূচি পালন করছেন। দলের সঙ্গে ছিলেন এবং আছেন। আগামী দিনেও জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি চালিয়ে যাবেন বলে জানান তিনি। তবে দলে ফেরার বিষয়টি হাইকমান্ড বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেন।
বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন, তারা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মী ছিলেন। দলের দুঃসময়ে মাঠে সাহসী ভূমিকা রেখেছেন। তাদের কেন নির্বাচনে দাঁড়াতে হয়েছিল, তা দলের খুঁজে দেখা উচিত। দলের বাইরে থেকেও তারা প্রত্যেকে অনেক ভোট পেয়েছেন এবং তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ এখনো তাদের সঙ্গে রয়েছেন।
বহিষ্কৃত একাধিক নেতা জানান, কেউ কেউ দলে ফেরার জন্য আবেদন করেছেন। আবার অনেকে দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দলের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পেলে তারা আবেদন করবেন। তাদের মতে, আবেদন করা কেবল আনুষ্ঠানিকতা। হাইকমান্ড চাইলে যেকোনো নেতাকে দলে ফিরিয়ে নিতে পারে।
তবে কয়েকজন নেতার অভিযোগ, দলের ভেতরে ও বাইরে সাংগঠনিকভাবে সক্রিয় নেতাকর্মীদের কোণঠাসা করে রাখা হচ্ছে। তাদের মতে, সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের দায়িত্ব দিলে আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলা আরও সহজ হবে।
তৃণমূলের ঐক্য ফেরাতে উদ্যোগ
জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ, বিদ্রোহী প্রার্থী এবং পরবর্তী বহিষ্কারের কারণে বিএনপির তৃণমূলে বিভক্তি এখনো পুরোপুরি কাটেনি। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় ফিরলেও তৃণমূলে পূর্ণাঙ্গ ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি দলটি। জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দলটির নীতিনির্ধারকরা।
তাদের লক্ষ্য, জাতীয় নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখা। বহিষ্কৃত অনেক নেতা এখনো স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তারা বিভিন্ন দলীয় কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মসূচিতে ভূমিকা রাখছেন। তাদের ফিরিয়ে আনতে পারলে সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করছেন নেতারা।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও উদ্বিগ্ন বিএনপি। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, থানায় আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখার প্রয়োজনীয়তা অনুভব করছে ক্ষমতাসীন দলটি।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার উদ্যোগ সফল হলে তৃণমূলের দীর্ঘদিনের বিরোধ অনেকটাই কমে আসবে। পাশাপাশি সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে। তৃণমূলের বিভেদ দূর করা গেলে রাজনৈতিক ও সাংগঠনিক—উভয় ক্ষেত্রেই ইতিবাচক ফল পাওয়া সম্ভব।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম