যোগফল প্রতিবেদক:
মানুষ পুড়িয়ে মারার রাজনীতি কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
শনিবার (২১ নভেম্বর) রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া প্রেসক্লাব আয়োজিত স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ এবং ঘুমন্ত অবস্থায় বাসের হেলপার নিহত হওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে আহম্মদ সোহেল মনজুর বলেন, সাংবাদিকদের পেশাগত ও গুণগত মান আরও বাড়াতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাহসী ভূমিকা রাখতে হবে। সত্য লিখতে ভয় পেলে চলবে না। সত্যের পথে থাকলে তিনি সাংবাদিকদের পাশে থাকবেন বলেও জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদীরা আবারও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেন তিনি। তবে তারা কোনো নোংরা রাজনীতি করতে চান না উল্লেখ করে বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণই তাদের রাজনীতির মূল লক্ষ্য।
বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার যখন দেশের সর্বত্র উন্নয়নের রাজনীতি করছে, তখন একটি পক্ষ উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে।
রাজনীতিতে অর্থের প্রভাব কমানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, টাকার রাজনীতি বন্ধ করতে হবে এবং ভালো মানুষদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। তারা দেওয়ার জন্য এসেছেন, নেওয়ার জন্য নয়।
ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান এবং সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার জমাদার।
এ সময় প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল মান্নান হাওলাদার, এইচ এম জুয়েলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম