যোগফল প্রতিবেদক:
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং চলমান সংকট মোকাবিলায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের একজন সদস্যও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঐক্যের পক্ষে যেকোনো ইতিবাচক আহ্বানে সাড়া দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। তবে সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে দলটি অনড় থাকবে। আওয়ামী লীগের প্রতিরোধের বিষয়েও তারা ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় সহিংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া তৈরির বিষয়ে সেখানে আলোচনা হয়।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা জানান, বৈঠকে বিরোধীদলীয় নেতা দুটি প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে সংসদে গণভোটের রায় বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা।
ওই নেতা আরও বলেন, বিরোধী দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা।
তবে জামায়াতের সঙ্গে বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই বৈঠকের তারিখ জানানো হবে।
বিরোধীদলীয় নেতা আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর যেকোনো সময় এ বৈঠক হতে পারে বলেও জানান তিনি।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা হামলা ও লক্ষ্যবস্তু করে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে পুলিশ স্টেশন এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান মোল্লা ও কে এম বাবরের বাড়িতে অগ্নিসংযোগ।
এ ছাড়া নোবেলজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে বলে জানা গেছে।
এসব সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত বিএনপির তিন নেতা ও দুই বাস কন্ডাক্টরসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম