খাগড়াছড়িতে নিজেদের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম)।
রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে সাদিক কায়েম লেখেন, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রোল বোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। তাঁর অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। এতে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে তাঁর দাবি।
তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডাকসু ভিপি আরও লেখেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে বলে তিনি মনে করেন।
তিনি অভিযোগ করেন, পেট্রোল বোমা, অগ্নিসন্ত্রাস ও রাতের আঁধারে হামলার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার চেষ্টা চলছে। তবে এসব চোরাগোপ্তা কর্মকাণ্ড তাঁদের দমাতে পারবে না; বরং তাঁদের আন্দোলন আরও দৃঢ় করবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম