যোগফল প্রতিবেদক:
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে ২০২৭ সালের জুলাই থেকে মতিঝিল-কমলাপুর অংশে নিয়মিত যাত্রী পরিবহন শুরু হতে পারে।
উত্তরা-মতিঝিল মেট্রোরেল পথ কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা আগে থেকেই চূড়ান্ত ছিল। তবে মতিঝিল-কমলাপুর অংশের নির্মাণকাজে ধীরগতির কারণে উদ্বোধনের সময়সূচি একাধিকবার পিছিয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাইয়ে এই অংশে যাত্রী চলাচল শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, বর্তমানে এমআরটি লাইন-৬-এর চালু অংশের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর সঙ্গে নতুন ১ দশমিক ১৬ কিলোমিটার যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। তখন মোট স্টেশন হবে ১৭টি।
গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রসারিত অংশের পূর্তকাজের ৮৪ দশমিক ৮৫ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজের ৫৮ শতাংশ সম্পন্ন হয়েছে।
চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মূল অবকাঠামো নির্মাণের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ভায়াডাক্ট বা উড়ালপথের নির্মাণকাজ শেষে রেললাইন স্থাপনের জন্য তা ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে কমলাপুর স্টেশনের মূল অবকাঠামো নির্মাণও সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেশনের অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন ও ফিনিশিং, বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণের কাজ চলছে। এসব স্থাপত্য ও সংশ্লিষ্ট কাজ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেই মেট্রোরেল চালু করা সম্ভব হবে না। যাত্রী পরিবহন শুরুর আগে রেললাইন, বিদ্যুৎ সরবরাহ, সংকেত ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায় পদ্ধতি, প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, টেলিযোগাযোগ, লিফট ও এসকেলেটরসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা সচল করতে হবে।
এরপর সমন্বিত পরীক্ষা ও পরীক্ষামূলক ট্রেন চলাচলের মাধ্যমে সার্বিক নিরাপত্তা যাচাই করা হবে। এসব কারিগরি ও নিরাপত্তাসংক্রান্ত কাজের অগ্রগতির ওপর নির্ভর করছে চূড়ান্ত উদ্বোধনের সময়।
এর আগে মেট্রোরেলের এই অংশ চালুর সম্ভাব্য সময় কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর পরিকল্পনা থাকলেও পরে তা এপ্রিল-মে মাসে নির্ধারণ করা হয়। এমনকি পরীক্ষামূলক ট্রেন চলাচলের সম্ভাব্য সময় হিসেবে এপ্রিলের কথাও জানানো হয়েছিল। সর্বশেষ সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের জুলাইয়ে যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনা রয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম