ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মচারীদের চাকরি বহাল রাখা ও বকেয়া বেতন ছাড়ের বিনিময়ে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এক লাখ ২০ হাজার টাকা দেওয়ার পরও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারানোর অভিযোগ করেছেন টিকিট ক্লার্ক শিমু খাতুন। তাঁর দাবি, তাঁর জায়গায় অফিস সহকারী লুৎফর রহমানের ভাইজি পান্না খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শিমু খাতুনের দাবি, তিনি সাত বছর ধরে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট ক্লার্ক হিসেবে কাজ করছেন। চাকরি বহাল রাখার আশ্বাসে অফিস সহকারী লুৎফর রহমানকে এক লাখ ২০ হাজার টাকা দেন তিনি। চুক্তি অনুযায়ী তাঁর চাকরির মেয়াদ আরও দুই মাস বাকি থাকলেও গত ১২ অক্টোবর থেকে তাঁকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে তাঁকে কোনো লিখিত নোটিশও দেওয়া হয়নি।
শিমু জানান, গত শনিবার (২১ নভেম্বর) সকালে কর্মস্থলে গিয়েও তিনি নিজের চেয়ারে বসতে পারেননি। তাঁর জায়গায় পান্না খাতুনকে বসানো হয়েছে। পান্না আগে একই স্বাস্থ্য কমপ্লেক্সে আয়া পদে কর্মরত ছিলেন।
শিমু খাতুন বলেন, দীর্ঘ সাত বছর ধরে তিনি ওই হাসপাতালে কাজ করছেন। বকেয়া বেতন পাওয়ার পর তাঁদের কাছ থেকে ১৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। চাকরি পুনর্বহালের আশ্বাসে লুৎফর রহমানকে এক লাখ ২০ হাজার টাকা দেওয়ার পরও তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপাকে জানালে তিনি সামান্য কিছু টাকা দিয়ে পান্না খাতুনের ছেড়ে যাওয়া আয়া পদে কাজ করার পরামর্শ দেন বলেও অভিযোগ করেন শিমু। এ ঘটনায় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্রের দাবি, আউটসোর্সিংয়ের ১০ জন কর্মচারীর মধ্যে পাঁচজন ঘুষ দিয়ে নিয়োগপত্র পেয়েছেন। শিমু খাতুনসহ বাকি পাঁচজন এখনো নিয়োগপত্র পাননি।
আউটসোর্সিংয়ের আরেক কর্মচারীর অভিযোগ, ১১ মাসের বকেয়া বেতন পাওয়ার সময় জেলা স্বাস্থ্য কর্মকর্তার নাম করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা নয়জন কর্মচারীর কাছ থেকে ১৫ হাজার টাকা করে নিয়েছেন।
তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অফিস সহকারী লুৎফর রহমান। তাঁর দাবি, তিনি কারও কাছ থেকে টাকা নেননি। ঠিকাদার তাঁর ভাইজিকে নিয়োগ দিয়েছেন। শিমু খাতুন বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন বলেও দাবি করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপাও হাসপাতালে ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, শিমু খাতুনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়নি। যারা নিয়োগপত্র এনেছেন, তাঁদের পদ অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। শিমুকে অন্য পদে কাজ করার কথা বললেও টাকার বিনিময়ে কাজের প্রস্তাব দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম