যোগফল প্রতিবেদক:
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে আটটি জোন নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি জোনের রিকশার জন্য থাকবে আলাদা রং। নির্দিষ্ট জোনের রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না। এ লক্ষ্যে ই-রিকশার সংখ্যা নির্ধারণ ও নিবন্ধনের প্রস্তুতি শুরু করেছে সিটি করপোরেশন।
সম্প্রতি সরকার সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬ জারি করেছে। গত ২৯ অক্টোবর জারি করা এ বিধিমালা দেশের সব সিটি করপোরেশন এলাকায় কার্যকর হয়েছে। এর আলোকে গাজীপুরেও ই-রিকশা নিয়ন্ত্রণে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন ও নবায়ন থেকে আদায় করা অর্থ সিটি করপোরেশনের রাজস্ব হিসেবে গণ্য হবে।
নিবন্ধিত ই-রিকশার চালকদের বিনামূল্যে কিউআর কোডযুক্ত নম্বর প্লেট দেওয়া হবে। এতে গাড়ির বিস্তারিত তথ্যের পাশাপাশি চার্জিং গ্যারেজের তথ্যও সংযুক্ত থাকবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিলা খানম বলেন, সিটি করপোরেশনকে জোনে ভাগ করে আলাদা রঙের রিকশা চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি জোনে কতসংখ্যক ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে, তা নির্ধারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন ও পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বিধিমালা অনুযায়ী, ই-রিকশা নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত কারিগরি মানদণ্ড ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সনদ নিতে হবে। এসব শর্ত পূরণের পর সিটি করপোরেশনের নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধনের আবেদন করা যাবে। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না।
রিকশাচালকরা বলছেন, তাঁরা সরকারি নিয়ম মেনে নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে গাড়ি চালাতে চান। নির্দিষ্ট জোন ও আলাদা রঙের ব্যবস্থা চালু হলে এক এলাকার রিকশা অন্য এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হবে। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং অনিয়ন্ত্রিত রিকশার সংখ্যা কমবে বলে তাঁরা আশা করছেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানাউল কাদের বলেন, নিবন্ধনের জন্য সিটি করপোরেশনের সব প্রস্তুতি রয়েছে। তবে নিবন্ধনের আগে বুয়েট থেকে ফিটনেস সনদ এবং ট্রাফিক বিভাগ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ৩০ দিনের মধ্যে লাইসেন্স দেওয়া হবে।
সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে গাজীপুর সিটি করপোরেশনকে আটটি জোনে ভাগ করে প্রতিটির জন্য আলাদা রং নির্ধারণ করা হয়েছে। কার্যক্রম চালুর সব প্রস্তুতি রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ অন্যান্য সিটি করপোরেশন কার্যক্রম শুরু করলে গাজীপুরেও তা চালু করা হবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম