যোগফল প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।
ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।
এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।
এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম