যোগফল প্রতিবেদক:
বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আলোচনা শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে আবারও রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই ঐক্য কতটা আন্তরিক ও টেকসই হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষণে এর প্রধান দায়িত্ব বিএনপি সরকারের ওপরই বর্তাচ্ছে।
আওয়ামী লীগের প্রশ্নে বিএনপির ভূমিকা নিয়ে ইতোমধ্যে সমালোচনা তৈরি হয়েছে। দলটির কয়েকজন নেতা ও মন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে জামায়াত ও এনসিপির সমালোচনায় তাদের বেশি আগ্রহ দেখা গেছে। বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা, জামায়াত-এনসিপিকে আক্রমণ এবং জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে।
সাম্প্রতিক সহিংসতার ঘটনা বিএনপিকেও রাজনৈতিক বাস্তবতা নতুন করে উপলব্ধি করতে বাধ্য করেছে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধীদের দমন করা আওয়ামী লীগকে কেবল রাজনৈতিক সমঝোতার মাধ্যমে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুলাই গণঅভ্যুত্থানে প্রাণহানি ও হাজার হাজার মানুষের আহত হওয়ার ঘটনায় দায়বদ্ধতা এবং বিচার নিশ্চিত করার বিষয়টিও এখনো গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় তিনি বলেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।
এ সময় তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরেন। তার বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি গুরুত্ব পায়।
অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে। তার ভাষায়, আওয়ামী লীগ একটি ‘সন্ত্রাসী রাজনৈতিক দল’।
তিনি আরও বলেন, আগের সরকারের মতো গুম, হত্যা ও গুলি চালিয়ে কাউকে নির্মূল করতে চায় না বর্তমান সরকার। তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে।
আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে সরকারের ভেতরে একসময় ভিন্ন ভিন্ন বক্তব্য দেখা গেলেও এখন সেই অস্পষ্টতা দূর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। রাজনৈতিক নিষেধাজ্ঞার প্রশ্নে আবেগের পরিবর্তে আইন, বিচার ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায় এড়িয়ে কাউকে রাজনীতিতে স্বাভাবিকভাবে ফিরে আসার সুযোগ দেওয়ার বিষয়টিও প্রশ্নের মুখে রয়েছে।
এদিকে হেফাজতে ইসলামও আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনটির আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত থাকবে। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগ ও আধিপত্যবাদের পক্ষে কাজ করা গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন। তবে তিনি জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিকে ঐক্যের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরেছেন।
তার মতে, জুলাই সনদের ভিত্তিতেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। সেই সনদ বাস্তবায়ন না করে নতুন করে ঐক্যের ডাক দিলে তা কতটা গ্রহণযোগ্য হবে, সে প্রশ্নও সামনে এসেছে।
এনসিপিও প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বাবানকে ইতিবাচকভাবে দেখছে। তবে দলটি নিঃশর্ত ঐক্যের পক্ষে নয়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ঐক্যের ধারাবাহিকতা বজায় থাকা প্রয়োজন। তার মতে, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে আগে একটি স্বাভাবিক ঐক্য ছিল। এখন নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে, অর্থাৎ সেই ঐক্যে কোথাও চিড় ধরেছে। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা অনুসন্ধান করা প্রয়োজন।
এনসিপির পক্ষ থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে। জুলাই গণহত্যার বিচার কত দূর এগোবে, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনার চেষ্টা কেন দেখা যাচ্ছে এবং সংস্কারের প্রশ্নে গণভোটের রায় কতটা বাস্তবায়িত হয়েছে—এসব বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে দলটি।
রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, রাজনৈতিক সংলাপ এবং অপরাধের দায়মুক্তি এক বিষয় নয়। কোনো দলের সমর্থক থাকলেই সেই দলের নেতৃত্বের অপরাধের বিচার বন্ধ হয়ে যেতে পারে না। গণতন্ত্রে রাজনৈতিক অংশগ্রহণের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণহত্যা, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করাও জরুরি। বিচার ছাড়া পুনর্মিলনের আহ্বান নতুন রাজনৈতিক সংকট তৈরি করতে পারে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তৈরির পেছনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। জুলাই গণঅভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না; এর অন্যতম লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসনের অবসান। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। গণভোটের মাধ্যমে জনগণও সংস্কারের পক্ষে মত দিয়েছে।
এ অবস্থায় বিএনপি সরকারকে বুঝতে হবে, জাতীয় ঐক্য শুধু বক্তৃতা বা রাজনৈতিক আহ্বানের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পারস্পরিক আস্থা, প্রতিশ্রুতি রক্ষা এবং রাজনৈতিক সদিচ্ছা। আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে ঐক্য প্রয়োজন হলেও সেই ঐক্য যেন সাময়িক রাজনৈতিক স্বার্থ হাসিলের কৌশলে পরিণত না হয়।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতিফলন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই বিএনপি সরকারের সামনে জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি রক্ষার বড় পরীক্ষা তৈরি হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম