যোগফল প্রতিবেদক:
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে ১১টি রাজনৈতিক দলও নিজেদের মধ্যে পৃথক বৈঠক করে।
এসব ঘটনার ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী। এই সংলাপের মধ্য দিয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম