নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ডাকাতি করতে গিয়ে মালিক অহিদুল্লাহকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী হোসনা খাতুনকে বেঁধে রেখে গ্যারেজ থেকে ৬০টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট করে নিয়ে যায় ডাকাত দল।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে গ্যারেজ মালিক অহিদুল্লাহ ও তার স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে ফেলে। এ সময় গ্যারেজে থাকা ৬০টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।
পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় অহিদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিহত অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম