মোঃ মাহাবুবুর রহমান ।। জেলা সংবাদাতা
মোবাইল ছাড়ো বই ধরো সুন্দর জীবন গড়ো।
এটা বাস্তবায়নের লক্ষ্যে সরকার আমাদের সোনামনিদের রক্ষার জন্য যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে আইন করেছে।
১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠন করতে বলা হয়েছে।
জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদেশে ডাক ও টেলিযোগাযোগ, মহিলা ও শিশু বিষয়ক, স্বাস্থ্য ও আইন সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট করেন।
আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, কোনো নীতিমালা না থাকায় শিশুরা এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এতে তাদের মধ্যে একাকিত্ব, হতাশাসহ নানা নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে, যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে।
এই নির্দেশ সময়োপযোগী এবং মানবিক। কারণ, কম বয়সে সামাজিক মাধ্যমের নেশা শিশুর মনকে নষ্ট করে দেয়। পড়াশোনায় মন বসে না। মা-বাবার কথা শুনতে চায় না। রাত জেগে মোবাইল দেখে চোখ নষ্ট হয়, মাথা নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়। খারাপ ভিডিও, খারাপ কথা, খারাপ বন্ধুত্ব — এগুলো আমাদের সন্তানদের ভুল পথে নিয়ে যায়।
আমরা যদি আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে তাদেরকে আগে মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে হবে। তাদের হাতে বই তুলে দিতে হবে। তাদেরকে খেলাধুলা, আদব-কায়দা, মানুষের সাথে ভালো ব্যবহার শেখাতে হবে।
মা-বাবা হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। শুধু আইন করলেই হবে না। ঘরে ঘরে সচেতন হতে হবে। সন্তানকে সময় দিতে হবে। সন্তানের সাথে গল্প করতে হবে। সন্তান কী দেখছে, কার সাথে মিশছে — সেদিকে খেয়াল রাখতে হবে। সন্তানকে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে বোঝাতে হবে।
আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ি। যেখানে আমাদের শিশুরা মোবাইলের নেশায় নয়, বইয়ের আলোয়, ভালো মানুষের ছায়ায় বড় হবে। যেখানে কেউ কাউকে ভুল বুঝবে না, সবাই সবার মঙ্গল চাইবে। কারণ, সবার আগে ভালো মানুষ হতে হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম