নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় মাইন উদ্দিন (৩৬) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইন উদ্দিন পাশের কবিরহাট উপজেলার একজন দলিল লেখক ছিলেন। তিনি উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের আবদুল কাদেরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মাগরিবের নামাজ শেষে কোম্পানীগঞ্জ রেজিস্ট্রার অফিসসংলগ্ন মসজিদ থেকে বের হয়ে নিজের অফিসে যান মাইন উদ্দিন। পরে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। কিছুক্ষণ পর পেছন থেকে একটি ট্রলি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সামনের আসনে বসা মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। পেছন থেকে ট্রলির ধাক্কায় অটোরিকশার সামনের আসনে বসা মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম