নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিজ ঘর থেকে হাসিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসিনা বেগম ওই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী এবং মৃত বীর মুক্তিযোদ্ধা হাসান আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর জয়নাল মিয়া ও হাসিনা বেগম দম্পতির কোনো সন্তান ছিল না। তাদের বাড়ির পাশেই হাসিনার বাবার বাড়ি। প্রতিদিনের মতো রোববার সকাল ১০টার দিকে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জয়নাল মিয়া।
দুপুর দেড়টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। স্ত্রীকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকান। এ সময় বসতঘরের পাকা তীরের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে জুড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কবির উদ্দিন জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহালে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। নিহতের বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপমৃত্যু মামলা দায়েরের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম