মোঃ মাহাবুবুর রহমান।। জেলা সংবাদদাতা
ভালোবাসা দিয়ে সংসার বাঁচাও, সন্দেহ দিয়ে নয়।
যে সোনার সংসার গড়ার স্বপ্ন নিয়ে দুই হাত এক হয়েছিল, সেটিই ভেঙে যাচ্ছে অল্প দিনের ব্যবধানে। কারও স্বপ্ন ভাঙছে স্বামীর নির্যাতনে, কারও সংসারে আগুন জ্বলছে মাদকাসক্তি ও পরকীয়ায়। কোথাও যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার নিয়ে সন্দেহ ও অপরিণত বয়সে প্রেম করে বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে তৈরি হচ্ছে তীব্র মতবিরোধ। এভাবেই প্রতিদিন ভাঙছে একের পর এক সংসার।
বগুড়ায় গত আড়াই বছরে নারী-পুরুষ মিলে ২৪ হাজার ৩১৯টি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ২৭টি দম্পতির সংসার ভেঙেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাল্যবিয়ে ও অপরিণত বয়সে সংসার জীবনে প্রবেশ, মাদকাসক্তি, জুয়া, পরকীয়া এবং যৌতুকের জন্য নির্যাতন বিচ্ছেদের অন্যতম কারণ। বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সি দম্পতিদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা বেশি।
স্বামীদের নির্যাতন ও মাদকাসক্তির কারণে তালাকের আবেদনের বড় একটি অংশই আসছে নারীদের পক্ষ থেকে। অনেক ক্ষেত্রে বিচ্ছেদের পরও নারীরা প্রাপ্য খোরপোষ বা আর্থিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
পরিসংখ্যানে যা দেখা গেল
বগুড়া জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত আড়াই বছরে জেলায় মোট ৫৫ হাজার ৭৩৯টি বিয়ে নিবন্ধিত হয়েছে। একই সময়ে বিবাহবিচ্ছেদ বা তালাক হয়েছে ২৪ হাজার ৩১৯টি।
এর মধ্যে শুধু চলতি বছরের জুন পর্যন্ত তালাক হয়েছে ৪৪৪টি।
আর ২০২৪-২৫ সালে —
- পুরুষের পক্ষ থেকে তালাক দেওয়া হয়েছে ৪ হাজার ৮২৯টি
- নারীর পক্ষ থেকে তালাক দেওয়া হয়েছে ৮ হাজার ৬৪১টি
- উভয় পক্ষের সম্মতিতে আপসের মাধ্যমে তালাক হয়েছে ১০ হাজার ৪০৫টি
এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, আমাদের সমাজে সংসার ভাঙার হার কতটা ভয়াবহভাবে বাড়ছে।
আমি মনে করি, এই চিত্র আমাদের জন্য খুবই দুঃখজনক এবং চিন্তার বিষয়। কারণ, সংসার মানে শুধু একসাথে থাকা নয়। সংসার মানে ধৈর্য, ভালোবাসা, বিশ্বাস আর ক্ষমা। সন্দেহ দিয়ে কখনো সংসার টেকে না। মাদক, জুয়া, পরকীয়া, যৌতুক — এগুলো সংসারে আগুন জ্বালিয়ে দেয়।
আমরা যদি চাই আমাদের সন্তানরা সুন্দর পরিবারে বড় হোক, তাহলে আমাদেরকে আগে নিজেদেরকে ভালো মানুষ হতে হবে। স্বামীকে স্ত্রীকে সম্মান করতে হবে, স্ত্রীকে স্বামীকে সম্মান করতে হবে। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। মোবাইল নিয়ে সন্দেহ নয়, কথা বলে সমস্যা মেটাতে হবে।
বাল্যবিয়ে বন্ধ করতে হবে। অল্প বয়সে বিয়ে দিয়ে সন্তানের জীবন নষ্ট করা যাবে না। মাদক থেকে দূরে থাকতে হবে। যৌতুক চাওয়া বন্ধ করতে হবে।
আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ি। যেখানে কোনো সংসার ভাঙবে না, কোনো শিশু মা-বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে না। যেখানে সবাই সবার মঙ্গল চাইবে। কারণ, সবার আগে ভালো মানুষ হতে হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম