চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় পানভর্তি ঝুড়ির ভেতরে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে এক যুবককে আটক করেছে এসআরবি-৭।
সোমবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।
আটক ফজলুল কাদের কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা মৃত জালাল আহমদের ছেলে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটে অবস্থিত ‘মেসার্স হযরত মালেক শাহ’ নামের পানের আড়তের সামনে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
তার সঙ্গে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ি তল্লাশি করে সাদা কাপড়ের শপিং ব্যাগে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, ফজলুল কাদের দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। মাদকসেবী ও কারবারিদের কাছে বেশি দামে এসব ইয়াবা বিক্রি করতেন তিনি।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, পানের ঝুড়িকে আড়াল হিসেবে ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন ওই যুবক। উদ্ধার করা ইয়াবাসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম