যোগফল প্রতিবেদক:
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার আমজাদ হোসেন জানান, সোমবার সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিতে শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় যান। তবে কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন তারা। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে অধিকাংশ শ্রমিক বাড়িতে চলে যান।
বেলা সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় গিয়ে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় দায়িত্বে থাকা আনসার ব্যাটালিয়ন সদস্য, গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশ শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে সেই অনুরোধ উপেক্ষা করে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এরপর শ্রমিকরা মহাসড়কের আশপাশের গলিতে অবস্থান নিয়ে ফের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।
একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম