যোগফল প্রতিবেদক:
ইউরোপের দেশ ইতালিতে বিদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ বাড়ছে। আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিভিন্ন খাতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। এ তালিকায় রয়েছে বাংলাদেশও।
ইতালির সরকারের ঘোষিত ‘দেক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় এই নিয়োগ দেওয়া হবে। দেশটির শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলা এবং বৈধ পথে বিদেশি শ্রমিক আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। তিন বছরে মোট নিয়োগের সংখ্যা দাঁড়াবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০।
নিয়োগের ক্ষেত্রে কৃষি ও পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব খাতে মৌসুমি কর্মীর পাশাপাশি নির্মাণ, উৎপাদন, পরিবহন, সেবা ও অন্যান্য খাতেও বিদেশিদের কাজের সুযোগ থাকবে।
তিন বছরের নির্ধারিত কোটার মধ্যে ২ লাখ ৬৭ হাজার কর্মী নেওয়া হবে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে। বাকি ২ লাখ ৩০ হাজার ৫৫০ জনের জন্য থাকবে অমৌসুমি ও স্বনিয়োজিত কাজের সুযোগ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম