যোগফল প্রতিবেদক:
নিরাপত্তাঝুঁকির কারণে গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব সেবা চালুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় গোপালগঞ্জের বিভিন্ন সরকারি বরাদ্দও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নাশকতার আশঙ্কা থাকায় আপাতত গোপালগঞ্জে ট্রেন চলাচল চালুর বিষয়টি বিবেচনা করছে না সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম চালুর জন্য স্থানীয় বাসিন্দারা অনুরোধ জানাচ্ছেন। তবে থানা দুটির কার্যক্রম স্বাভাবিক করতে আরও সময় লাগবে। বর্তমানে এ দুই থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের কাজ শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে সরকারের একাধিক সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। এর মধ্যে গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় কিস্তির বরাদ্দের অর্থ ছাড় না করার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুটি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে কবে নাগাদ থানা দুটির কার্যক্রম চালু হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও বন্ধ রয়েছে। এ সেবা চালু হতেও সময় লাগবে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বাসের তুলনায় ট্রেনে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ট্রেনে ঢাকায় যাতায়াতে সময় ও খরচ দুটোই কম লাগে। এ কারণে স্থানীয়দের কেউ কেউ ট্রেন চলাচল চালুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গোপালগঞ্জে ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এখনই ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। এতে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল ও থানা দুটির কার্যক্রম চালুর সম্ভাবনা কম।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম