যোগফল প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ১০ বছরেও শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ এই সময়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছাতে পেছাতে ১০০ বারে পৌঁছেছে।
বুধবার (২৫ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেননি সিআইডির তদন্ত কর্মকর্তা। পরে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সাইবার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে একটি চক্র।
ওই ঘটনায় একই বছর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হয়। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে এক দশক পেরিয়ে গেলেও তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে পারেনি সংস্থাটি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম