যোগফল প্রতিবেদক:
সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে এক নারী ও তাঁর ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তাঁর ১১ মাস বয়সী মেয়ে জয়শ্মিতা বিশ্বাস। তাঁরা সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা। মঞ্জুশ্রী জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী।
নিহত নারীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তাঁর স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাঁদের ১১ মাস বয়সী মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স তিন মাস হওয়ার সময় রোগটি শনাক্ত হয়। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে তাঁর স্ত্রী সব সময় দুশ্চিন্তায় থাকতেন।
জীবনানন্দ আরও জানান, স্ত্রীর চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। চার-পাঁচ দিন আগেও তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নিয়ে যান। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করানো হয়েছে। তবে ওষুধ সেবনের পরও তাঁর অবস্থার তেমন উন্নতি হয়নি।
তিনি বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তাঁর স্ত্রী। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মরদেহ উদ্ধারের খবর পান তিনি।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বলেন, দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের মরদেহ সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম