যোগফল প্রতিবেদক:
মিস ইউনিভার্স ২০২৬-এর চূড়ান্ত পর্বের সেরা ৩০ প্রতিযোগীর তালিকা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর আগমুহূর্ত পর্যন্ত পিপলস চয়েজ ভোটে শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিতে পারেননি তিনি।
প্রতিযোগিতা থেকে বিদায়ের পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোর মঞ্চে শুরু হয় মিস ইউনিভার্সের এবারের চূড়ান্ত আসর। বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্বের পারফরম্যান্স, সাক্ষাৎকার ও দর্শক ভোটের ভিত্তিতে সেরা ৩০ নির্বাচন করা হয়।
ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষে ছিলেন বাংলাদেশের মাহি। তবে শেষ মুহূর্তের ভোটের সমীকরণে এগিয়ে থেকে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম। ফলে সেরা ৩০-এর তালিকায় জায়গা হয়নি মাহির।
প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় মাহিকে ঘিরে সমর্থকদের আগ্রহ ও প্রত্যাশা ছিল ব্যাপক।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম