নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। চলমান পরিস্থিতি কাটিয়ে উঠতে স্থানীয় সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন রাশেদ খাঁন। সেখানে তিনি দাবি করেন, জেলায় ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় গোপালগঞ্জে ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে। রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তিনি আরও দাবি করেন, ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানকেন্দ্রিক সরবরাহব্যবস্থা সচল রাখাও কঠিন হয়ে উঠেছে।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও গোপালগঞ্জে নিজেদের নিরাপদ মনে করছেন না। থানা পুড়িয়ে দেওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পুনরায় হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত থানাগুলোর সংস্কারকাজও শুরু করা সম্ভব হচ্ছে না বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি জেলাটির অবস্থাকে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ পরিস্থিতির সঙ্গে তুলনা করেন।
পোস্টে গোপালগঞ্জের সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, জেলার অচলাবস্থা দূর করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। সহিংসতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম