নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হককে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তারের দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ দাবির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি।
প্রচারিত পোস্টে দাবি করা হয়, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করেছে। একই দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
তবে সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক গ্রেপ্তার হয়েছেন—এমন কোনো তথ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করেও তার গ্রেপ্তারের বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডে প্রকাশের তারিখ হিসেবে ‘২৫ নভেম্বর, ২০২৬’ উল্লেখ করা হয়েছে। কিন্তু এটিএন বাংলার ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি যাচাই করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে যোগাযোগ করে কালবেলা অনলাইন। ডিবির পক্ষ থেকে জানানো হয়, ‘সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক ডিবির কাছে নেই।’
অর্থাৎ, মুজিবুল হককে গ্রেপ্তারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম