যোগফল প্রতিবেদক:
রাজধানীর আগারগাঁওয়ে চলছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। মেলার স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি থাকলেও বিক্রিতে দেখা যাচ্ছে বড় ধরনের পার্থক্য। নিত্যব্যবহার্য ও পরিচিত পণ্যের স্টলে ক্রেতাদের ভিড় বেশি। অন্যদিকে বাঁশ-বেতের মতো ঐতিহ্যবাহী ও শৌখিন পণ্যের স্টলে ক্রেতাদের আগ্রহ থাকলেও বিক্রি তুলনামূলক কম।
গত ২২ নভেম্বর শুরু হওয়া সাত দিনব্যাপী এ মেলার চতুর্থ দিনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ক্রেতা-দর্শনার্থীদের বেশ উপস্থিতি দেখা যায়। কেউ পণ্য দেখছেন, কেউ কিনছেন, আবার কেউ দরদাম করে ফিরে যাচ্ছেন। অনেকেই ভবিষ্যতে পণ্য কেনার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে যোগাযোগের ঠিকানা ও ভিজিটিং কার্ড সংগ্রহ করছেন।
মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্যের ধরন, দাম, মান ও পরিচিতির ওপর নির্ভর করছে বিক্রির পরিমাণ। কোনো কোনো স্টলে প্রতিদিন লাখ টাকার পণ্য বিক্রি হলেও কোথাও পাঁচ হাজার টাকার বিক্রিও হচ্ছে না। তবে উদ্যোক্তাদের মতে, মেলা শুধু পণ্য বিক্রির জায়গা নয়; নতুন ক্রেতা তৈরি, পণ্যের প্রচার এবং ভবিষ্যৎ ব্যবসায়িক অর্ডার পাওয়ারও বড় সুযোগ।
চামড়াজাত পণ্যের উদ্যোক্তা মোহাম্মদ আখতারুজ্জামান শাহিন জানান, তাদের স্টলে গত মঙ্গলবার ৬০ হাজার টাকার বেশি পণ্য বিক্রি হয়েছে। ১০-১৫ বছর আগে বন্ধু দীপঙ্করকে সঙ্গে নিয়ে এ ব্যবসা শুরু করেন তিনি।
শাহিন বলেন, পুরোনো উদ্যোক্তাদের অনেকের প্রতিদিন লাখ টাকার বেশি পণ্য বিক্রি হচ্ছে। কারণ, তাদের নিয়মিত ক্রেতা রয়েছেন। মেলায় নতুন হওয়ায় তাদের বিক্রি তুলনামূলক কম হলেও ভালো সাড়া পাচ্ছেন। ক্রেতাদের জন্য পণ্যে ১৫ থেকে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। মেলার শেষ তিন দিনে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
অন্যদিকে মানিকগঞ্জ থেকে বাঁশ ও বেতের তৈরি পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন নিখিলচন্দ্র সরকার। বংশপরম্পরায় এ পেশার সঙ্গে যুক্ত তিনি। নিজের বাড়িতেই পণ্য তৈরি করেন। তার সঙ্গে কাজ করেন চার-পাঁচজন কারিগর।
তবে তার স্টলে বিক্রি আশানুরূপ নয়। কোনো দিন পাঁচ হাজার টাকার পণ্যও বিক্রি হচ্ছে না। নিখিলচন্দ্র জানান, বাঁশ ও বেতের তৈরি একটি মোবাইল স্ট্যান্ডের দাম ২৫০ টাকা। অথচ একই ধরনের প্লাস্টিকের স্ট্যান্ড পাওয়া যায় প্রায় ১০০ টাকায়। এ কারণে অনেক ক্রেতা আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কিনছেন না। যারা কিনছেন, তাদের অধিকাংশই শখের বশে কিনছেন।
তবে মেলায় ভালো বিক্রির চিত্রও রয়েছে। জিসান বুটিকসের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মেলার প্রথম দিন ৩৫ হাজার, দ্বিতীয় দিন প্রায় ৭০ হাজার এবং তৃতীয় দিন প্রায় ৯২ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। তার স্টলের প্রধান পণ্য বেড কভার ও জামদানি শাড়ি।
জাহাঙ্গীর আলম বলেন, মেলায় সাধারণ ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন দোকান ও শোরুমের ব্যবসায়ীরাও আসছেন। তারা পণ্য দেখে ভবিষ্যৎ অর্ডার দিচ্ছেন। তিনি মূলত পাইকারি ব্যবসা করেন। তবে মেলায় সবার কাছে পাইকারি দামে পণ্য বিক্রি করছেন। তার মতে, মেলায় অংশ নেওয়ার মূল উদ্দেশ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি করাও।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম