যোগফল প্রতিবেদক:
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ইঙ্গিত করে তাঁকে আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত অনুরাগ থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ প্রসঙ্গে তিনি ফজলুর রহমানের অবস্থানকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে শামসুজ্জামান দুদুকে এসব মন্তব্য করতে শোনা যায়।
ভিডিওতে দুদু বলেন, ফজলুর রহমান আওয়ামী লীগকে মনেপ্রাণে ভালোবাসতে চাইলে বা এ নিয়ে কথা বলতে চাইলে তা করতে পারেন। তবে বিএনপির সুযোগ-সুবিধা ও অর্জনের সঙ্গে যুক্ত থেকে অন্য দলের সাফল্যের প্রশংসা করাকে তিনি ‘পরকীয়া’র মতো বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যেরটা আমি সাফল্য হিসেবে গাই—এটা তো ঠিক হবে না।’ ফজলুর রহমানের বিভিন্ন বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন। তাঁর বক্তব্য ও অবস্থান নিয়ে অনেক কথা হলেও জাতীয় রাজনীতিতে এসবের খুব একটা গুরুত্ব নেই বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম