যোগফল প্রতিবেদক:
যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। সে হিসাবে প্রতি কেজি গমের দাম পড়বে ৪৩ টাকা ৩৮ পয়সা।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গম আমদানির এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে জিটুজি পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রয়োজনে এ পরিমাণের সঙ্গে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগ রাখা হয়েছে।
গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
এদিকে, একই বৈঠকে খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় ৫৩০ কোটি টাকার বেশি ব্যয়ে একটি নির্মাণকাজের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)’-এর আওতায় এ কাজ করা হবে।
প্রকল্পের আওতায় পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ, ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) প্রতিষ্ঠা, মিটারসহ গ্রাহক সংযোগ স্থাপন এবং খুলনা ওয়াসার বিদ্যমান এলাকায় ৬৩টি ডিএমএ সংস্কার করা হবে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই বছর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে।
এ কাজের জন্য চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। কাজটির মূল চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩০ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৩৬৫ টাকা ৮০ পয়সা।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম