যোগফল প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সেলিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সেলিমের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সপ্তাহেও পক্ষ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম