যোগফল প্রতিবেদক:
টাঙ্গাইল সদর উপজেলায় নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পেছনের আঙিনা থেকে আদিবা ইসলাম নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে বাড়ির পেছনের আঙিনায় লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়।
নিহত আদিবা ইসলাম ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনের আঙিনায় লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম