যোগফল প্রতিবেদক:
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধ দুটি সম্পূর্ণ আলাদা বিষয় বলে জানিয়েছে ভারত। ঢাকার পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। প্রত্যর্পণের অনুরোধটি প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে।
জয়সওয়াল আরও বলেন, ভ্রমণ নথি নিয়ে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে পৃথক। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
চলতি সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, তাকে ফেরত আনার ক্ষেত্রে প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ লক্ষ্যে প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র চেয়ে তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন তিনি।
এ ছাড়া রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে দেশে ফেরার ব্যবস্থা করতেও বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। চলতি মাসে দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলেও জানা গেছে।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছর বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম