যোগফল প্রতিবেদক:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারস্থ রাজনগর ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসে সংরক্ষিত জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথিপত্র পুড়ে গেছে। ঘটনাটিকে নাশকতা বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন।
বুধবার (২৫ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে তাদের পৌঁছানোর আগেই অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ায় ভবিষ্যতে এসব কাগজপত্রের বিকল্প কী হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কীভাবে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি।
স্থানীয়রা জানান, ভূমি অফিসের পেছনের দিকের জানালার কাচ ভেঙে পেট্রোল ও মবিল ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে বলে তাদের ধারণা।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, ভূমি অফিসে আগুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দুষ্কৃতকারী এ ঘটনা ঘটিয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম