যোগফল প্রতিবেদক:
ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে যাত্রাবাড়ী থানার একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পুলিশ।
ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে ভারতের কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় কলকাতায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পাশাপাশি বাবার নিখোঁজ ও হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং বিচার চেয়ে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন ডরিন।
সে সময় বাবার হত্যার বিচার চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতেও দেখা যায় তাকে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম