যোগফল প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঞ্চ-২৪-এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মামলাটি করেন দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ। শুনানি শেষে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটি ও এর শীর্ষ নেতাদের সম্পর্কে ফাহিম ফারুকী মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এর আগে গত ২২ নভেম্বর ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের মাধ্যমে দলটির সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফের পক্ষে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে ২০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। অন্যথায় তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সম্পৃক্ততা, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থ গ্রহণ, গোপন বৈঠক ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন। এসব অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ বা গ্রহণযোগ্য দলিল উপস্থাপন করা হয়নি বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মামলার শুনানিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার।
এ ছাড়া ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মুহা. মশিউর রহমান ও সরদার মুহা. মানিক মিয়া, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুহা. হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় অ্যাডভোকেট নিয়ামুল নাসির তালুকদার, অ্যাডভোকেট ওসমান গণি, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম ও অ্যাডভোকেট মনির হোসাইনসহ অন্য আইনজীবী ও নেতারা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম