যোগফল প্রতিবেদক:
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীর কাছে সম্প্রতি ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনা এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় কুষ্টিয়া শহরের ঢাকারোড সংলগ্ন হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াতের রোকন শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক এবং দলটির রোকন ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, ‘আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীকে সব বলে দেব। হঠাৎ করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। উনি (প্রধানমন্ত্রী) আসলে আমি যাব, ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।’
জামায়াতের রাজনীতির প্রশংসা করে তিনি বলেন, একটি ভিডিওতে শাজাহান আলীর বিরুদ্ধে বালুঘাট থেকে চাঁদা আদায়ের অভিযোগসংক্রান্ত বক্তব্য শুনেছেন। সেখানে ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার এবং পরে প্রতিদিন এক লাখ টাকা নেওয়ার কথা বলা হয়েছে।
আমির হামজা বলেন, জামায়াতে ইসলামী আদর্শ নিয়ে রাজনীতি করে। তাঁর দাবি, জামায়াত মিথ্যা মামলা বাণিজ্য, চাঁদাবাজি কিংবা মানুষকে ঠকানোর রাজনীতি করে না। দীর্ঘদিন ধরে নানা অভিযোগ তুলে দলটিকে বিতর্কিত করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, শুধু কুষ্টিয়ায় নয়, দেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। তাঁর ভাষায়, গত ৫৫ বছরের মধ্যে পরিস্থিতি তলানিতে পৌঁছেছে। প্রশাসনের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সমালোচনা করেন।
তিনি বলেন, জনগণের করের টাকায় বেতন নেওয়া কর্মকর্তারা দায়িত্ব পালন করতে না পারলে তাঁদের জেলায় রাখার প্রয়োজন নেই। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কাছে এসব বিষয় তুলে ধরবেন বলেও জানান তিনি।
কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে আমির হামজা বলেন, কুষ্টিয়ার কোনো জায়গাই এখন নিরাপদ নয়। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে মানুষের বাড়িঘর, জানমাল ও সম্মানের নিরাপত্তা থাকবে না।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্প ট্রাক চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদ করায় বিএনপির নেতাকর্মীরা তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেন। এ ঘটনায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরাও তাঁদের সঙ্গে ছিলেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হবে বলেও জানান শাজাহান আলী।
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্বাগত জানিয়ে আমির হামজা বলেন, প্রধানমন্ত্রী দল-মতনির্বিশেষে সবার। তাঁর আগমন ঘিরে কুষ্টিয়ায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে সাজসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং উদ্বোধনযোগ্য স্থাপনাগুলোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব উদ্যোগকে তাঁরা স্বাগত জানান।
তবে আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অসংগতি রয়েছে বলেও অভিযোগ করেন আমির হামজা। তিনি বলেন, সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হলেও অন্যদিকে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের মিল থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম