যোগফল প্রতিবেদক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমানে ছয় জেলার বিভিন্ন এলাকায় মোট ১১৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রয়োজন অনুযায়ী মোতায়েনের জন্য আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে বাড়তি নিরাপত্তা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।
ড্রোন ও আধুনিক প্রযুক্তিতে চলছে নজরদারি
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক বিজিবি
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম