যোগফল প্রতিবেদক:
স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম শহীদ ডা. শামসুল আলম খান মিলন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করা এই চিকিৎসকের ৩৬তম শাহাদাতবার্ষিকী আজ শুক্রবার (২৭ নভেম্বর)। ১৯৯০ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক এরশাদ সরকারের ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর গুলিতে প্রাণ হারান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক যুগ্ম সম্পাদক ডা. মিলন। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল এবং চূড়ান্ত গণঅভ্যুত্থানের পথ সুগম করেছিল।
যেভাবে শহীদ হন ডা. মিলন
১৯৯০ সালের ২৭ নভেম্বর ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক উত্তাল দিন। ওই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন ডা. শামসুল আলম খান মিলন। সেদিন বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএমএ আয়োজিত একটি সভায় যোগ দিতে রিকশাযোগে যাচ্ছিলেন তিনি।
পথে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শহীদ হন ডা. মিলন। তার এই আত্মদান স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করে। আরও তীব্র হয়ে ওঠে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলন।
ডা. মিলনের আত্মত্যাগের ছয় দিনের মাথায় স্বৈরশাসনের পতন
শহীদ ডা. মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়। এর ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে একই বছরের ৬ ডিসেম্বর স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতন ঘটে।
গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ডা. মিলনের আত্মত্যাগ আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে শহীদ মিলন দিবস
শহীদ ডা. মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং শহীদের পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ডা. মিলনের কবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।
এ ছাড়া কবর জিয়ারত, পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসব কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম