যোগফল প্রতিবেদক:
শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে সংসারের বোঝা। বই-খাতা ছেড়ে ধরতে হচ্ছে সংসারের হাল, অল্প বয়সেই নিতে হচ্ছে মাতৃত্বের দায়িত্ব। বাল্যবিবাহ বন্ধে আইন, নীতিমালা ও নানা উদ্যোগ থাকলেও বাংলাদেশে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বরং সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১৮ বছরের আগে বিয়ের সামগ্রিক হার কিছুটা কমলেও ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিত কিশোরীর হার বেড়েছে।
এর সঙ্গে জোরপূর্বক বিবাহের প্রবণতা কেড়ে নিচ্ছে নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা ও সম্মতির অধিকার। দারিদ্র্য, সামাজিক কুসংস্কার, নিরাপত্তাহীনতা ও পারিবারিক চাপের কারণে আটকে পড়ছে অসংখ্য কিশোরীর ভবিষ্যৎ। বাল্যবিবাহের ফলে বাড়ছে অল্প বয়সে মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকিও। এমন বাস্তবতায় দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস।
তিন দশকেও বাল্যবিবাহ কমেছে মাত্র ২২ শতাংশ
বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস) ১৯৯৩-৯৪ সালের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৭৩ শতাংশের বিয়ে হয়েছিল ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। ২০২২ সালে এই হার কমে দাঁড়ায় ৫১ শতাংশে। অর্থাৎ প্রায় তিন দশকে বাল্যবিবাহের হার কমেছে মাত্র ২২ শতাংশ, যা বছরে গড়ে প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ।
২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য অনুযায়ী, উচ্চমাধ্যমিক সম্পন্ন করা ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদেরও ২৫ শতাংশের বিয়ে হয়েছিল ১৮ বছর হওয়ার আগে। এমনকি সবচেয়ে ধনী পরিবারের ক্ষেত্রেও প্রায় প্রতি তিনজন নারীর একজনের (৩১ দশমিক ৫ শতাংশ) বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।
সার্বিকভাবে ১৮ বছরের আগে বিয়ের হারে শহর ও গ্রামের মধ্যেও ব্যবধান খুব বেশি নয়। শহরে এ হার ৪২ দশমিক ৫ শতাংশ এবং গ্রামে ৪৯ দশমিক ৪ শতাংশ।
বাল্যবিবাহে বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়া ও স্বাস্থ্যঝুঁকি
বাল্যবিবাহ একটি শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা, শিক্ষা গ্রহণ এবং নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেড়ে নেয়। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশে মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া মোট শিক্ষার্থীর প্রায় ৪২ শতাংশ এবং ছাত্রীদের প্রায় ৭১ শতাংশের ঝরে পড়ার মূল কারণ বাল্যবিবাহ।
অল্প বয়সে বিয়ের ফলে কিশোরীরা শারীরিক ও মানসিক নানা ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে অপরিণত বয়সে গর্ভধারণ মা ও শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য বলছে, কিশোরী মাতৃত্বের হার (এডোলেসেন্ট বার্থ রেট-এবিআর) ৮৩ থেকে বেড়ে ৯২ হয়েছে।
এবিআর সূচকে প্রতি বছর প্রতি এক হাজার ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়ের মধ্যে কতজন মা হচ্ছে, তা পরিমাপ করা হয়। এ হার বৃদ্ধির পেছনে অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণের পাশাপাশি পরিবার পরিকল্পনা এবং জন্মনিয়ন্ত্রণ সেবার ঘাটতিও ভূমিকা রাখছে। এর ফলে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিকভাবে অন্যের ওপর নির্ভরশীলতা এবং পারিবারিক সহিংসতার আশঙ্কা বাড়ছে।
আইন থাকলেও প্রয়োজন কার্যকর প্রয়োগ
বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ প্রণয়ন করা হয়েছে। এ আইনে বিয়ের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স ২১ বছর এবং নারীর ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। আইন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কের বিয়ে আয়োজন, সম্পাদন বা এতে সহযোগিতা করার ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে, শুধু আইন প্রণয়ন করলেই বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। এ জন্য আইনের কার্যকর প্রয়োগ, জন্মনিবন্ধন নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের তৎপরতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
বাংলাদেশে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘বাংলাদেশে বাল্যবিবাহবিরোধী আইন রয়েছে। কিন্তু কোনো আইন তখনই মেয়েদের সুরক্ষা দিতে পারে, যখন তারা সে আইন সম্পর্কে জানবে এবং বিচারব্যবস্থা তাদের জন্য সহজলভ্য হবে ও পুরোপুরি জবাবদিহির আওতায় থাকবে।’
তিনি আরও বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং বাল্যবধূদের বাস্তব জীবনের পরিস্থিতি নিয়ে নির্ভুল সংবাদ পরিবেশন নীতিনির্ধারকদের আইন সংস্কারের গুরুত্ব বুঝতে সহায়তা করবে। পাশাপাশি মেয়েদের শিক্ষা সম্পন্ন করা এবং বাল্যবধূ ও মা হওয়ার পরিবর্তে নিজেদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা বাড়াবে।
সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব বিশেষজ্ঞদের
নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন হক বলেন, তার মনে হয় বাল্যবিবাহ কমেছে, কিন্তু কিশোরী বিবাহ কমছে না। কিশোরী বিয়ের মূল কারণ পারিবারিক ও সামাজিক অসচেতনতা। এ সমস্যা সামাজিকভাবেই প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, কোনো নারী হয়রানির শিকার হলে অনেক সময় পরিবার ও সমাজ সেটিকে তার কলঙ্ক হিসেবে দেখে। ফলে দ্রুত তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আবার পরিবারের ছোট বোনের ভবিষ্যৎ নিয়েও সামাজিক কলঙ্কের আশঙ্কা থেকে তাকে বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়।
শিরিন হকের ভাষ্য, অনেক পরিবার মনে করে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে দেওয়া হবে। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে তা হয় না।
বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক সচেতনতা, মেয়েদের শিক্ষার সুযোগ, নিরাপত্তা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম