যোগফল প্রতিবেদক:
দেশে কৃষক কার্ড কর্মসূচির পাইলটিংয়ের দ্বিতীয় ধাপে আগামী ২ ডিসেম্বর থেকে কার্ড বিতরণ শুরু হচ্ছে। এদিন কুষ্টিয়া সদর উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষি উপকরণ সহায়তার অর্থ বিতরণ কার্যক্রমও শুরু হবে।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে খুলনা ও ঢাকা বিভাগের প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষককে কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক হিসেবে বিবেচিত প্রায় ২ লাখ ৬৯ হাজার কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা কৃষি উপকরণ সহায়তা হিসেবে দেওয়া হবে। জনপ্রতি বছরে এ সহায়তার পরিমাণ ২ হাজার ৫০০ টাকা।
এরপর আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর বিভাগের কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে বিভাগের প্রায় ১ লাখ ৫৪ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি প্রায় ১ লাখ ৩৭ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
ডিসেম্বর মাসে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের কৃষকদের জন্যও পৃথকভাবে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
চার বছরে অন্তর্ভুক্ত হবেন ২ কোটি ৩৫ লাখ কৃষক
দেশব্যাপী চলমান কৃষক কার্ড কর্মসূচির আওতায় আগামী চার বছরে পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ১৬টি মেট্রোপলিটন এলাকা এবং ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকে এ কর্মসূচি বাস্তবায়িত হবে।
কৃষক কার্ড বর্তমান ক্ষমতাসীন দলের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সরকার গঠনের পরপরই এ কার্যক্রম শুরু করা হয়। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করতে একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলা হচ্ছে। ফলে সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছানো এবং কৃষিসেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো সম্ভব হবে।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে অর্থনীতির প্রধান খাতে পরিণত করতে কাজ করছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে চাহিদাভিত্তিক উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে কৃষক কার্ড কর্মসূচি নেওয়া হয়েছে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ফসল উৎপাদনের সব ধরনের সেবা পাবেন।
চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়ার লক্ষ্য
কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সময়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক হিসেবে বিবেচিত প্রায় ৩৯ লাখ কৃষককে কৃষি উপকরণ সহায়তা বাবদ প্রায় ৯৭০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যে দেশব্যাপী কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে প্রায় ৭ হাজার ২০০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা এ কাজে নিয়োজিত রয়েছেন।
কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে প্রায় ২৭ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে উপজেলা কমিটি প্রায় ১৯ লাখ ১১ হাজার কৃষকের তথ্য অনুমোদন করেছে। পাশাপাশি প্রায় ১৬ লাখ ৫৬ হাজার কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে।
এর আগে ২০২৬ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক কার্ডের প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের আট বিভাগের ১০ জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৮৩২ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হয়।
পরবর্তী সময়ে ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় পাইলট পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৭৭টি উপজেলার প্রায় ১ লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তার অর্থ দেওয়া হয়।
প্রাথমিকভাবে কার্ড পাবেন ৪ হাজার ৮৪০ কৃষক
এ পর্যায়ে কার্ড বিতরণের প্রস্তুতি হিসেবে কুষ্টিয়া সদর উপজেলার দুটি কৃষি ব্লকের ২ হাজার ৮৫০ জন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকের ১ হাজার ৯৯০ জন কৃষককে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে কৃষক কার্ড দেওয়া হবে।
কর্মসূচির প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংক—বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি ও জনতা ব্যাংক পিএলসিকে যুক্ত করা হয়েছে।
কার্ড মুদ্রণ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সব কৃষকের মধ্যে তা বিতরণ করা হবে। তবে এ পর্যায়ে কৃষি উপকরণ সহায়তার আওতাভুক্ত কৃষকরা কার্ড ছাড়াও সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। উত্তোলিত অর্থ দিয়ে শুধু কৃষি উপকরণ কেনা যাবে।
কৃষি উপকরণ কেনার পর এর প্রমাণ সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস বা উপসহকারী কৃষি কর্মকর্তাকে জানাতে হবে। পাশাপাশি তা সংশ্লিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে উপজেলা কৃষি অফিসগুলোকে নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কৃষক কার্ডে মিলবে যেসব সুবিধা
কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বিশেষ গুরুত্ব দিয়ে বছরে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে। এ ছাড়া পর্যায়ক্রমে দেশের সব কৃষককে বিভিন্ন ডিজিটাল সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এসব সেবার মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রদান, সেচসেবা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র বিতরণ, মোবাইলে ফসলের বালাই ব্যবস্থাপনা, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজারের তথ্য, কৃষিবীমা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুবিধা।
কৃষি সচিব মো. সেলিম খান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে দেশের সব কৃষকের চাষযোগ্য জমির পরিমাণ, ফসলের বৈচিত্র্য, কৃষিপণ্যের চাহিদা ও মাটির স্বাস্থ্যসহ কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য নিয়ে একটি সমন্বিত বৃহৎ ডেটাবেজ তৈরি করা হচ্ছে। এর ফলে দেশের কৃষি আধুনিক, তথ্যনির্ভর ও পরিকল্পিত ব্যবস্থাপনায় প্রবেশ করবে।
তিনি আরও বলেন, কৃষক কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়; এটি কৃষকের মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং কৃষিকে একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম