যোগফল প্রতিবেদক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করে মামলায় অজ্ঞাতনামা আরও ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় নিউটন মোল্লা ছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
যেভাবে বিজিবির ওপর হামলা
এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি।
এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তারা। পথে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে তাদের পথ আটকে দেন।
এজাহারে বলা হয়েছে, বিজিবির পক্ষ থেকে অবরোধকারীদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলায় বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।
৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়।
এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। বিজিবির গাড়িতে থাকা সরকারি একটি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও করা হয়েছে।
এজাহারে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ৬ কোটি ৫১ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম