যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লরির চাকায় পিষ্ট হয়ে শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল আজম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনগরী এলাকার বাসিন্দা। তিনি মো. মফজল আহমদ চৌধুরীর ছেলে এবং বিএম কনটেইনার ডিপোতে স্কেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ডিপোর ভেতরে অসাবধানতাবশত একটি লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন শহিদুল আজম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে শহিদুল আজমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ডিপোর ভেতরে ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি বিএম ডিপোতে কর্মরত ছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুন রাতে সীতাকুণ্ডের এই বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫১ জন নিহত হন। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ১৩ জন কর্মীও ছিলেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম