যোগফল প্রতিবেদক:
রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে খিলক্ষেতের বাঁশতলা এলাকা থেকে মো. রফিকুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করা হয়। তিনি শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক।
এরপর শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পূর্ব নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেদী মোল্লা (৩৫) নামে আরেকজনকে আটক করে পুলিশ। তিনি নরসিংদীর রায়পুরা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং পৌর যুবলীগের বর্তমান সভাপতি প্রার্থী।
সর্বশেষ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. আতাউর রহমান ওরফে আতাউর মাস্টার (৫৫) নামে আরেকজনকে আটক করা হয়। তিনি খিলক্ষেত থানা শ্রমিকলীগের সহসভাপতি।
পুলিশের অভিযোগ, আটক রফিকুল ইসলাম ও মেহেদী মোল্লা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা, রাজধানীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত। অন্যদিকে, আতাউর রহমানের বিরুদ্ধে এসব অভিযোগের পাশাপাশি বাসে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এবং বিশেষ অভিযান চালানো হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম