যোগফল প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসে বিদ্যুৎ বিপর্যয় ও বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল পর্যন্ত দেশজুড়ে ৮ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। একই সময়ে শত শত ফ্লাইট বাতিল এবং প্রায় দুই হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো। এর মধ্যে ভার্জিনিয়ায় দেড় লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যার দিক থেকে পরবর্তী অবস্থানে রয়েছে মেরিল্যান্ড ও পেনসিলভানিয়া।
অন্যদিকে, বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি দেশজুড়ে বিমান চলাচলেও দেখা দিয়েছে ব্যাপক অচলাবস্থা। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এখন পর্যন্ত ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৯০০টির বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে চলাচল করেছে।
যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ছুটির দিন থ্যাংকসগিভিং উপলক্ষে এ সময়ে বিপুলসংখ্যক মানুষ ভ্রমণ করেন। ফলে বিদ্যুৎ বিভ্রাট ও ফ্লাইট বিপর্যয়ের কারণে ছুটির দিনের যাত্রা এবং স্বাভাবিক জনজীবনে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম