যোগফল প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদুল্লাহ লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জুবাইদুল্লাহ লিটন উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাড়ি এলাকার হাবিবুল্লার ছেলে। তিনি পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জুবাইদুল্লাহ লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম