যোগফল প্রতিবেদক:
জয়পুরহাটে বিশেষ অভিযান চালিয়ে রনজু সরকার (৩২) নামে ১৩ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, গুলির খোসা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুরের দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এসআরবি-৫-এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর জয়পুরহাট সিপিসি-৩-এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে দুধিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ির এলাকা থেকে রনজু সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মিন্টু সরকারের ছেলে।
এসআরবি-৫ জানায়, গ্রেপ্তার রনজু সরকারের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইনসহ সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতির অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এসআরবি-৫-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার নাঈম আনোয়ার শাওন বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার রাতেই রনজু সরকারকে জয়পুরহাট সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম