যোগফল প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও ছয় মাসের শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাদের ছয় মাসের শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাউদ্দিন।
এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলে মনি বেগমের মৃত্যু হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম